মাধবীলতা গাছ
রাজদীপ ভট্টাচার্য
কুড়ি বছরের পরে ধর ফের একসাথে এসেছি আবার
মাধবীলতার সেই গাছখানি নেই আর জানলার পাশে
তুমিও হয়েছ এক পুষ্পহীন শীতের কামিনী
সারাগায়ে লাল ধুলো লেগে আছে সংসারজীবন
রতন পল্লীর ঘন নীরবতা খানখান আমাদের মতো
এত মুখরতা আজ দুজনের মাঝে ছেঁড়া গল্পের জাহাজ
আঙুলের ফাঁকে পলি রাশি রাশি জমেছে পাহাড়
সমুদ্র শুকিয়ে গেছে চোখ নেই স্তূপাকার শুধু মরা মাছ
দু'হাতে সরাই গায়ে চাপ চাপ আঁশটে গন্ধ লেগে থাকে
নোনতা মাটির বুকে হাসিমুখে বাঁচে না মাধবীলতা গাছ।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....