দুঃস্বপ্ন
অম্লান বাগচী
প্রচণ্ড ধাক্কার বেশে এলো দুঃস্বপ্ন। আঘাতে সে
মিতব্যয়ী নয় কোনদিনও।
বিকট শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম
ভুল কার ছিল, চালকের না সিগন্যালের
নাকি চাপা আলোর মতো ভবিতব্য নিজের ভালোটা
বুঝতে না পারায় রেললাইন থেকে উপড়ে গেল
পুরো শরীর ---- সে সব নিয়ে আলোচনার সময়
তখন ছিল না।
চোখে ঝলসে উঠলো অন্ধকার। হাত থেকে হাত
গেল ছেড়ে। স্বর থেকে চিৎকার অনিবার্য জৈবনিক
তাগিদে বেরিয়ে এলো। রাতের ঘুমের উপর নেমে
এলো মুখোমুখি ধাক্কার চরম বিভীষিকা। এরপরও
চেয়ে দেখতে হয়। দেখতে হয় কীভাবে দুর্ঘটনা
দুঃস্বপ্নের রূপ নেয়। তাই ধীর পায়ে উঠে এসে দেখি,
একটার পর একটা বগির মতো দুমড়ে মুচড়ে পড়ে
আছে আমার সাধের স্বপ্নগুলি।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....