Thursday, July 3, 2025

ছিনতাই সুশীল বন্দ্যোপাধ্যায়

মুকুর অনলাইন আষাঢ় সংখ্যা

ছিনতাই
সুশীল বন্দ্যোপাধ্যায় 


ঝিরঝির করে বৃষ্টি পড়ছে।রাস্তায় কোন লোকজন নেই।এক বৃদ্ধ ছাতা মাথায় দিয়ে পাড়ার গলির দিয়ে চলেছেন কোথাও।বয়সের ভারে শরীর সামান্য সামনের দিকে ঝুঁকে পড়েছে। হঠাৎ উল্টো দিক থেকে একটি যুবক আসছিলো,সে করলো কি বৃদ্ধের হাত থেকে ছাতাটা জোর করে ছিনিয়ে নিলো।হয়তো ভেবেছে বৃদ্ধ মানুষ কিছু তো করতে পারবে না আর বৃষ্টি থামার কোন নাম নেই।তাই ছাতার একটা খুব দরকার ছিলো তার।

ছাতা ছিনতাই হওয়ার পর বৃদ্ধের মধ্যে কিন্ত তেমন কোন প্রতিক্রিয়া চোখে পড়লো না।তিনি চিৎকার চেঁচামেচি কিছুই করলেন না।উল্টে ফোকলা দাঁতে হাসি হাসি মুখ করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠায় ভিজতে লাগলেন।উপরন্তু ছেলেটির উদ্দেশ্যে শোনা গেলো বলছেন-যা বাবা,ছাতা নিবি বলবি তো,আমি এমনিতেই দিয়ে দিতাম।অতো টানাটানি করার কি ছিলো?

ঠিক এই মুহূর্তে গলির বাঁকে উল্টোদিক দিয়ে একটা টোটো আসছিলো।আজকাল পড়ার অলিগলি দিয়ে টোটো ঢুকে যায়।টোটোটিতে একটি কম বয়সী তরুনী আসছিলেন।তিনি ছেলেটিকে লক্ষ করে চিৎকার করে বলতে লাগলেন-পালালে কি হবে? আমি তো মোবাইলে ছবি তুলে নিয়েছি।পুলিশকে পাঠাবো।দেখাচ্ছি মজা,বলে মোবাইলটা দেখাতে লাগলেন।

এই কথা শুনতে পেয়ে হঠাৎ কি হলো,ছেলেটি এক পাক ঘুরে দৌড়ে গিয়ে বৃদ্ধের হাতে ছাতাটা আবার ধরিয়ে দিয়ে পালালো‌।বৃদ্ধ এতেও বলছেন-না না,তোমার দরকার তো নিয়ে যাও না বাবা।আমার বৃষ্টিতে ভেজা অভ্যেস আছে। 

ইতিমধ্যে টোটোটি বৃদ্ধের কাছে পৌঁছেছে।কম বয়সী টোটো চালক বৃদ্ধকে বললো-দাদু ঠিক আছে তো? কোথাও লাগে নি তো?বৃদ্ধ হয়তো শুনতে পাননি ভালোমতো।বললেন-

না বাবা,টোটো লাগবে না আমার। ভালো থেকো।

তরুনী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন বৃদ্ধের দিকে।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন