নো হেডলাইনস
সৌমেন দত্ত
ভুলতে শিখেছি শৈশবের আঙুল ধরা পাতা,
মুছতে শিখেছি আলেয়ার আবদার,
গুলিয়ে ফেলেছি যত্নে রাখা ভালোবাসা,
শূন্যে হারিয়েছি নিজ আদিমতা।
স্মৃতির চশমায় জমেছে কুয়াশা,
অক্ষরে অক্ষরে বাকবিতন্ডা,
একা একা বসে থাকি অন্ধকারে ,
দেখি চোখ জুড়ে অপেক্ষার ধোয়াশা।
আকাশে বাক্যবাগীশ আর
বাতাসে মিশে ধূলিকণা,
এই নিয়েই কাব্য বাঁধি,
হারিয়ে ফেলেছি শেষ স্মৃতির নিশানা।
কখন দেখি দুহাতের ফাঁকে নির্বাসনের ছায়া,
ক্লান্ত দুপায়ে হেঁটেছি আবার পকেটে ভর্তি মায়া।
খুজেছি কত রাত ধরে চেনা তোমার মুখ,
অলিগলি বেয়ে ভেসে গেছে যা ছিল বাম প্রকোষ্ঠের ধুকপুক।
শহরের বুকে কত শত রকমারি বাড়ি,
তোমার সঙ্গে কথা ছিল ঘর বাঁধার,
ছিলো নবীন কিশোরী গাইবো গান প্রতিটি মোড়ের বাঁকে বাঁকে,
আজ তবে কেন আড়ি..!
কত শহর, কত রাত একলা হাঁটি,
তবুও পাইনা তোমার বাড়ি।
পাজর জুড়ে ছড়ানো ক্ষতের দাগ,
মেঘলা আকাশে আজও খুজি তোকে,
ইট-পাথরের শহরে টানেলে বোবা কাক,
আজও অপেক্ষায় ধানসিঁড়িটির পাশে।
আজও অপেক্ষায় আলেয়ায়,
ছুটি নেই ঘরে ফেরা হয় না আর..
ReplyForward |
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....