বিপ্লব
অভিজিৎ রায়
(১)
পুলিশের গাড়ি,ব্যস্ততা ভারি
ডেডবডি একপাশে
মৃতদেহটার কোলে মাথা রেখে
বিপ্লব মৃদু হাসে।
রক্তিম ভোরে,সূর্য শিশিরে
ছড়ানো কৃষ্ণচূড়া
পতিত কুসুম হৃদয় তবুও
রয়েছে স্বপ্নে মোড়া।
বৃক্ষশীর্ষে কুসুম গুচ্ছ
পেত আরো বেশি আলো,
তবু ঝাঁপ দিল ধরণীর বুকে
মাটিরে বাসিয়া ভালো।
কৃষ্ণচূড়ারা ধরণীর বুকে
পেতেছে মিলন মেলা,
এর খুনে আজ রাঙা হলো তাই
এমন সকাল বেলা।
(২)
অলীক স্বপ্ন সম্বল করা
ভ্রান্ত তরুণ দল,
জ্বেলেছিল যারা বাংলার বুকে
বিপ্লবী দাবানল।
বাঙালি সমাজে সমাজবাদের
রোমাণ্টিকতা নিয়ে,
ভ্রান্তিবিলাসী খেলেছিল খেলা
নিজেদের প্রাণ দিয়ে।
আজ কোথা সেই বিপ্লব গান
বিপ্লবী অভিযান,
দিন বদলের অলীক স্বপ্ন
ভেঙে আজ খান খান।
তরুণ প্রাণের রঙিন মশাল
নিভে গেছে বহুদিন,
সমাজ হয়েছে আধুনিক তবু
আমরা হয়েছি হীন।
হঠকারিতার মাসুল বুঝি বা
এমনিভাবেই আসে‘
রাস্তার মোড়ে শহীদ বেদীতে
বিপ্লব আজ হাসে।
পাঠকের মতামত
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....