ভালোবাসতে যদি
সুনন্দা বোস
ভালোবাসতে যদি,
রামধনু রঙ পথ শিশুরা গায়ে মাখত,
নীলচে আলোতে বন্দি রাত পরীরা মুক্তির স্বাদ পেতো।
ভালোবাসতে যদি শিউলি তলায় পারিজাত ঝরে পড়তো।
কচুরিপানার ঝোপের পাশে ও নীল সায়রের পদ্ম ফুটতো।
ভালবাসতে যদি বৃষ্টি ফোঁটায় জল তরঙ্গ বাজতো,
হয়তোবা পাহাড়িয়া মেঠো সুরে বাউল গেয়ে ফিরতো।
ভালোবাসতে যদি ধানক্ষেতের সেই উলঙ্গ মেয়েটিও অপরাধীদের চিনতো,
মেঘ বালিকারা মরুভূমিতে ও স্বপ্নের ঘর বাধ্তো।
ভালবাসতে যদি বোষ্টমী এসে
দ্বাদশী তিথিতে গান শুনিয়ে যেত,
নাদের আলী আজ বুঝি আবারও নৌকা বাইতো।
ভালোবাসতে যদি পৃথিবীটা কৃষ্ণচূড়া রঙে ভাসতো,
অন্ধ কানাই পথের ধারে বসে
আজও তোমার অপেক্ষায় গান গাইতো।
সুনন্দা বোস
পেশায় শিক্ষিকা
নেশা লেখালেখি


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....