Friday, October 21, 2022

খন্ড চিত্র ।। কৃষ্ণেন্দু নস্কর

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।

সাহিত্যের অঙ্গনে


খন্ড চিত্র
কৃষ্ণেন্দু নস্কর 

"কথা ছিল নিয়ম করে সন্ধ্যা নামাবো রোজ,
     সন্ধ্যাতো ঠিকই নামছে ধরার ঝুলিতে 
  তবে কেন সুদূর তেপান্তরে তুমিটা নিখোঁজ??"
আজ সময় প্রশ্নের মুখোমুখি, 
নিজের সত্তা হারিয়ে নিজস্বতায়,
আমার স্বভাবে এমনভাবেই থেকে যাক তোমার অভাব,
ভালোবাসার গ্রন্থ-কীটের দল কুরে খায় হৃদয় তথ্য, 
বুকের মাঝে যত্নে রাখা ক'খান হাড়।
আমার প্রেমের মুখ্য লব্ধে হৃদয়ের হারিয়ে যাওয়া স্রোত, জিতিয়ে দিয়েছি জিতেছো তুমিও 
ভালোবাসা আজও শুধুই নির্বোধ।। 

হ্যাঁ, না হয় তোমাকে জড়িয়ে ধরার অপরাধে,
 আমৃত্যু আমার করে লিখে দেয়া হোক।
আমার স্বপ্নগুলো অন্ধকার আগলে চলে 
বিষাদের স্বাদে অপ্রাপ্তির প্রাপ্তিতে, 
নীল আকাশের সাজে। 

তুমি সেই তো আজীবন সুন্দরের মাঝে অধরা অনন্যা,
 আমার আবেগ প্রবল মনের স্মৃতিছবি অনুভূতির
 খন্ডচিত্রের সুমনা।
তোমার শহরে দলছুট মেঘেরা অভিমানী,
স্পর্শ করেনা , তবুও ভিজে থাকা চোখের 
কার্নিশ ঝাঁপিয়ে বৃষ্টির সৃষ্টিতে বিলীন ।
বিরহ রাতের জোনাকি পরেনা চোখের তারার ঝলকে, একলা মেঘের অন্ধকারে ঘোচেনা মনের গ্লানি। 

তাই আজ একলা বসে কৃষ্ণচূড়ার বুকে,
 স্মৃতির সাগর মথিত করি সঙ্গীবিহীন 
মেঘলা প্রথিক সন্ধ্যারাতের শীতে।
আজ আধফালি চাঁদ 
উঁকি দিয়ে চলে সাঁঝ সন্ধ্যারাতি, 
লুকোচুরি খেলে মেঘেরা অচিন আকাশে 
সঙ্গীবিহীন সাথী।
ভেজা শহরের শূন্যপথে রঙের তুলি হাতে,
 এঁকে চলি তোর আবছায়া শত;
আধ খোলা জানালার আশেপাশে।
জানোই তো সাদা ক্যানভাসে 
সব রং সমান মানানসই,
 মনের অগ্নিশিখার খেলায় মত্ত আজ 
তোমার কাজল আঁকা চোখই সই।
যে ছবি কথা বলে কবিতার রংতুলিতে,
 নীলিমার নীলা তুমি স্বপ্ন প্রভাতে ।
প্রেরণার সাথী তুমি ছুঁয়ে যাওয়া মন, 
হৃদয়ে অধরা অনন্যা তুমি অপ্সরীর চকিত ভুবন। 

আজ.....
আবেগ প্রবল
 মনের সুসজ্জিত আঁখি জলে অপেক্ষার ক্ষণে, 
সলিল চক্ষে অনুভূতিশূন্য পরিহাস 
আজ অচেনা গগনে।
তপনের তাপে হৃদয় দহনে গড়ে চলা স্বহৃদয়,
 মাটির পুতুল তপ্ত আগুনে আজীবন পাথরে ক্ষয়। 

চেনার মাঝে আজ অচেনা তুমিটা দুর বহুদূরে,
 দুরহ অবক্ষয় ছিটিয়ে চলেছি 
রক্তে রাঙিয়ে স্মৃতির সুরে।
হৃদয় কাঁটায় তীব্র যাতনা অন্তবেদনারই আত্মকথায়, ক্ষনিকের তারণা আবেগের চেতনায় 
তামাঞ্চার ঠোঁটে আজ ভালবাসার অবক্ষয়।
তোমার ক্লান্ত দৃষ্টির ব্যস্ততার শরতে ,
আজও কি মনে পড়ে? 
স্মৃতির খন্ডচিত্র ঐ ঝেড়ে ফেলা দিনলিপির অবসরে।
আজও ঘরের টোকা শব্দরা 
অনুভূতির প্রেম প্রবল সাগরে, 
বুকের মধ্যে কেমন যেন ছেত করে ওঠে
 আচমকার ঘোরে। 

তোমার স্মৃতি নামক মুহূর্তগুলো আজও
 কখনো একা হতে দেয়নি, 
তোমার স্পর্শের প্রতিটা কোণে,
পায়ের ছাপ অচিরে তোমার হরেনি।
আমার নিজস্বতা আছে
 দু ফোঁটা জলে মুঠো ছাই এ বদ্ধ, 
তবুও তো অবহেলায় রোজ ডেকে যায়
 ফেলে আসা পথ টাকে।
স্মৃতির আকাশে মন যেন
 আজ উড়িয়ে মেলেছে ডানা,
দুঃখের সাগরে পার করে চলে
 আবেগ কাঁটায় আনাগোনা।
তাইতো মিষ্টি এখন বিস্বাদ লাগে স্মৃতির অকপটে, 
তিতো এখন ভুলিয়ে মন বুকপকেটে থাকে।
বুকপকেটে দুঃখের চাষ;
 জীবনের শেষ প্রহরে ঘেরা,
তোর শরীরের গন্ধ মেখে আমার ঘরে ফেরা। 

সবাই যখন ঘুমিয়ে পড়ে একান্ত চাঁদ মন, 
স্মৃতির পাতায় খুজে মরি নীরব আপনজন।
ওই দেখো তবুও ভোরের কোলে 
স্মিত হেসে ওঠে সূর্য, 
বলে যায় স্থির হও দৃঢ়ভাবে হারিয় না ধৈর্য।। 

তোমার চোখে দুষ্টুমির ভালোবাসার ঠোঁটের কোণে,
 সুমিষ্ট তোমার রাগের চোখের গোলাপি আভায়, 
আজও আঁকে আমার চোখের আঙিনা, 
হৃদয়াবেগের নীল অসীম আকাশ।। 

তবুও কই আমি ভাঙিনি তো!!!!............


কৃষ্ণেন্দু নস্কর 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন