সুনন্দা বোস
স্মৃতিদের পায়ে পায়ে
ভিড় করে আসে হলুদ রঙা মন কেমনের বিকেলগুলো।
আমি তখন স্কুলে যাইদুই বেনিতে,
আমি তখন শাড়ি।
তুমি তখন ব্যস্ত চোখে
তাকিয়ে দেখো যৌবনের হাতছানি।
সদ্য শাড়ির হোচট বাঁচিয়ে,
আলগা উঁকি শাড়ি সামলাতে।
তপ্ত দারুণ রোদের তাপেও,
মন পুড়ছে প্রেমের জ্বরে।
স্কুল চলে নিয়ম মেনে,
দিদিমনির পড়া তখন শিকেয় তোলা তোমার নামে।
ফিরতি পথে এদিক সেদিক,
চোরা চাউনি ইতি উতি ঘুরছে যেন দিতে ফাঁকি।
ক্লান্ত দেহে বইয়ের বোঝা নামিয়ে রেখে,
পোশাক বদলে এক ছুটে যাই গলির মোড়ে।
ঠিক যেন সে তোমার মত,
হাত ধরেছে অন্য কারো,
তুমি তো কেবল আমার হবে,
তুমি নও তো এ,কোনোভাবে।
শেষ বিকেলের মরা আলোয়,
শ্রাবণ শেষের ভেজা চোখে,
যুক্তি দিয়ে স্তোক শোনাই,
নিজেই সেদিন নিজের মনে।
অনেক সূর্যাস্তের পরে,
স্মৃতিদের পায়ে পায়ে এসে_
মন বোঝানো সেই স্তোক বাক্য,
সান্তনার পরশ দিয়ে বলে যায়,
এই বুঝি ছিল ভবিতব্য।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....